ঘুমানোর আগে গরম পানিতে পা ডুবিয়ে রাখার উপকারিতা জানলে অবাক হবেন!
ছবি: সংগৃহীত
সারাদিন মারাত্মক খাটুনি হয়েছে শরীরের। ধকল গেছে মনের ও শরীরের। এমন যদি রোজকার রুটিন হয় তাহলে ঘুমানোর আগে ছোট একটি কাজ করুন। একটি বৌল বা বালতিতে গরম পানি নিয়ে তাতে পা ডুবিয়ে বসে থাকুন। এতে পায়ের ব্যথা যেমন কমবে, তেমনি শরীরে মিলবে স্বস্তি।
‘ইন্টারনাল জার্নাল অব ক্লিনিক্যাল নার্সিং’-এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী ‘ফুট বাথ’ বা গরম পানিতে পা ডুবিয়ে রাখলে মেলে একাধিক উপকারিতা। চলুন বিস্তারিত জেনে নিই-
গরম পানিতে পা ডুবিয়ে বসলে কী কী উপকার মেলে?
১. রক্ত সঞ্চালন বাড়ে:
গরম পানিতে পা ডুবিয়ে বসলে পেশিতে রক্ত সঞ্চালন বাড়ে। বিশেষত শরীরের নীচের অংশের পেশি শিথিল হয়। সেখানে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়। এমনকী দূর হয়ে যায় পেশির শক্ত ভাবও। পায়ে টান লাগার মতো সমস্যা থেকেও মেলে আরাম।
২. ব্যথা-যন্ত্রণা কমায়:
গবেষণা অনুযায়ী, যেসব ব্যক্তির ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি এবং পায়ে ব্যথা রয়েছে, তারাও গরম পানিতে পা ডুবিয়ে আরাম পেয়েছেন। অস্ত্রোপচারের পরও ব্যথা-যন্ত্রণা কমাতে এই পদ্ধতি দারুণ কাজ করে।
৩. ঘুম ভালো হয়:
ঘুমানোর আগে গরম পানিতে পা ডুবিয়ে রাখলে রাতে ভালো ঘুম হয়। গবেষণায় দেখা গেছে, ক্যানসারের রোগীরা এই কাজ করার পর তাদের ঘুমের মান উন্নত হয়েছে। এই টোটকায় শরীরে আরাম মেলে।
৪. মানসিক চাপ কমে:
গরম পানিতে পা ডুবিয়ে রাখলে মানসিক চাপ কমে। স্নায়ুতন্ত্রগুলো শিথিল হয়। এতে রাতের ঘুম ভালো হতে বাধ্য। এছাড়া পায়ের ত্বকও পরিষ্কার হয় এই কাজটি করলে। গরম পানিতে স্পর্শে পায়ে জমে থাকা মৃত কোষের স্তর সহজেই পরিষ্কার হয়ে যায়।
কতক্ষণ গরম পানিতে পা ডুবিয়ে বসা উচিত?
ফুটন্ত গরম পানিতে কোনোভাবেই পা ডোবানোই যাবে না। পানির তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে হবে। অর্থাৎ হালকা গরম পানি হতে হবে। এই পানিতে ১৫-২০ মিনিট পা ডুবিয়ে বসতে পারেন।
প্রয়োজনে গরম পানির সঙ্গে হিমালয়ান পিঙ্ক সল্ট, এপসম সল্ট বা সৈন্ধব লবণ যোগ করতে পারেন। এতে বেশি আরাম পাবেন।