ভোলায় অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক , আহত চার

ভোলায় অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক , আহত চার

সংগ্রহীত ছবি

ভোলার লালমোহন উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. কবির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বকরপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।

আজ রবিবার (১৯ অক্টোবর) সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাটিতে থাকা আরো ৪ যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালের দিকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি লালমোহনের ডাওরিরহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী মো. কবির হোসেন। তবে ঘটনার পর ট্রাক ও অটোরিকশা চালক পালিয়ে যান।

এ ছাড়া স্থানীয়রা অটোরিকশার আরো ৪ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’