জাপানের মর্যাদাপূর্ণ এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী

জাপানের মর্যাদাপূর্ণ এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

জাপানের নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি পেয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের ২০ শিক্ষার্থী।
 
রোববার (১৯ অক্টোবর) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এসময় অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, সিনিয়র শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেলে অধ্যয়নরত মোট ২০ শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী বার্ষিক ৩৭ হাজার টাকা করে তিন বছর পর্যন্ত এই সহায়তা পাবেন। সংশ্লিষ্টরা বলছেন, এ অর্জন গাকৃবির শিক্ষার্থীদের বৈশ্বিক গবেষণা ও পরিবেশ সংরক্ষণের অভিযাত্রায় আরও একধাপ এগিয়ে নিল।
 
এনইএফ সাধারণত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করে, যারা নিজ দেশে থেকে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই কৃষি ও বন ব্যবস্থাপনা বিষয়ে অধ্যয়ন ও গবেষণায় নিয়োজিত থাকেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন।

চেক প্রদান শেষে উপাচার্য ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের এই অর্জন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য এক বড় গর্বের বিষয়। এটি প্রমাণ করে আমরা শুধু তাত্ত্বিক শিক্ষায় নয়, বাস্তবভিত্তিক গবেষণাতেও অগ্রগামী। শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষায় আরও নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানাই।’

জাপানভিত্তিক নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বৃত্তি প্রদানের পাশাপাশি পরিবেশবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ সুরক্ষায় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে।