রূপনগর অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের লাশ হস্তান্তর

রূপনগর অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের লাশ হস্তান্তর

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে লাশ হস্তান্তর কার্যক্রম শুরু হয়। রাত সাড়ে ১২টার দিকে শেষ হয় এই প্রক্রিয়া।

রূপনগর থানার পরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, রাতে মালিবাগ সিআইডি ফরেনসিক থেকে ১৬ জনের লাশের ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করা হয়। পরে আমরা স্বজনদের খবর দিলে তারা ঢামেক মর্গে আসেন। ডিএনএ মিল পাওয়ার পর পর্যায়ক্রমে ১৬টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।   

পুলিশ জানায়, নিহতদের ডিএনএ নমুনা তাদের স্বজনদের সঙ্গে মিল পাওয়ার পরই লাশ হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন—

১. মাহিরা আক্তার (১৪), পিতা মৃত ওমর ফারুক, গ্রাম: বামনা, বরগুনা।

২. নার্গিস আক্তার (১৮), পিতা ওয়াজি উল্লাহ, গ্রাম: দলিগর নগর, লালমোহন, ভোলা।

৩. মো. ছানোয়ার হোসেন (২৫), পিতা মিজানুর রহমান, এলাকা: নালিতাবাড়ী, শেরপুর।

৪. নূরে আলম সরকার (২৩), পিতা আমিনুল ইসলাম, গ্রাম: ভবানীপুর, সদর, গাইবান্ধা।

৫. আল মামুন (৩৮), পিতা মৃত মজিবুর রহমান, গ্রাম: দাড়িকাটা, আমতলী, বরগুনা।

৬. রবিউল ইসলাম রবিন (২০), পিতা নজু মিয়া, গ্রাম: তিলকনগর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।

৭. ফারজানা আক্তার (১৫), পিতা রতন মিয়া, গ্রাম: গোল্লা রাজাপুর, ধর্মপাশা, সুনামগঞ্জ।

৮. খালিদ হাসান সাব্বির (২৯), পিতা মনিরুল ইসলাম, গ্রাম: ইসলামপুর, সদর, বরগুনা।

৯. আব্দুল আলিম (১৪), পিতা নুর ইসলাম, গ্রাম: কৃষ্ণপুর, সিংড়া, নাটোর।

১০. জয় মিয়া (২০), পিতা সবুজ মিয়া, গ্রাম: নুরুল্লা, বারহাট্টা, নেত্রকোনা।

১১. আসমা আক্তার (১৩), পিতা নয়ন মিয়া, গ্রাম: সাউথখালী, মোহনগঞ্জ, নেত্রকোনা।

১২. মুনা আক্তার সামিয়া (১৬), পিতা সনু মিয়া, গ্রাম: কদমশ্রী, মদন, নেত্রকোনা।

১৩. মৌসুমী খাতুন (২২), পিতা আব্দুল মান্নান, গ্রাম: পশ্চিম নওদাবাস, হাতীবান্ধা, লালমনিরহাট।

১৪. মুক্তা বেগম (৩৬), পিতা মুছা দেওয়ান, গ্রাম: সুরেশ্বর, নড়িয়া, শরীয়তপুর।

১৫. তোফায়েল আহমেদ (১৮), পিতা জজ মিয়া, গ্রাম: জয়পুর, মোহনগঞ্জ, নেত্রকোনা।

১৬. নাজমুল ইসলাম রিয়াজ (৪০), গ্রাম: পান্টি, কুমারখালী, কুষ্টিয়া।

এর আগে গত ১৫ অক্টোবর প্রথম দফায় ৬টি লাশের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় এবং পরদিন ১৬ অক্টোবর আরও ১০টি লাশের ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে নিহতদের দাফনের জন্য দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

তেজগাঁও উন্নয়ন সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন এই অনুদান স্বজনদের কাছে হস্তান্তর করেন।