ফেনীতে জামায়াতের মহিলা সমাবেশে যুবদল কর্মীদের হামলা, আহত ৬
সংগৃহীত
ফেনী সদর উপজেলার ফাজিলপুরে জামায়াতের মহিলা সমাবেশে (তালিম বৈঠকে) যুবদল কর্মীদের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের আল আমীন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনায় জামায়াত-শিবিরের অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় স্থানীয় জামায়াতে ইসলামীর আয়োজনে আলআমীন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে মহিলাদের তালিম বৈঠকের আয়োজন করে। তালিম চলাকালীন স্থানীয় যুবদল কর্মী পোড়া কামরুলের নেতৃত্বে কয়েকজন যুবক এসে ওই বাড়ির মালিককে অন্য বাড়ির নারীরা এই বাড়িতে কেন আসছে বলে শাসিয়ে যান। বিষয়টি তিনি জামায়াত-শিবিরের লোকজনকে অবহিত করলে ইউনিয়ন জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ ওই বাড়িতে যান। এসময় যুবদল কর্মীরাও বাড়িতে ঢুকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
ফাজিলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহরাব হোসেন পাটোয়ারী বলেন, যুবদল কর্মীদের হামলায় ওই বাড়িতে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান, শিবিরের সভাপতি আরমান হোসেন, সেক্রেটারি মেরাজুল ইসলাম, শিবির কর্মী নাজমুল, শারাফাত, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল নোমান, সাবেক শিবির সভাপতি মেহেদী হাসান আহত হয়েছেন। আহতদের মাঝে জামায়াত নেতা আবদুল্লাহ আল নোমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ফার্মেসী ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ জাহান সিরাজী বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।
ফেনীর বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মিজানুর রহমান বলেন, খরব পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।