সুশান্তের মৃত্যুর তদন্তে নতুন আইনি পদক্ষেপ নেবে পরিবার

সুশান্তের মৃত্যুর তদন্তে নতুন আইনি পদক্ষেপ নেবে পরিবার

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে সিবিআইয়ের ক্লোজার রিপোর্টে সন্তুষ্ট নয় তার পরিবার। তারা আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজ বাসায় সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। পরে তদন্তভার নেয় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।

সম্প্রতি সংস্থাটি ক্লোজার রিপোর্টে জানিয়েছে, সুশান্তের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা বা অন্য কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকেও ক্লিন চিট দেওয়া হয়।

তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ সুশান্তের পরিবার। তাদের অভিযোগ, তদন্ত অসম্পূর্ণ এবং সিবিআই গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে। পরিবারের এক সদস্যের ভাষায়, যদি সত্যিই নিরপেক্ষ তদন্ত হতো, তাহলে রিপোর্টের সঙ্গে সব নথি প্রকাশ করা হতো।

সুশান্তের মৃত্যুর পর থেকেই তার পরিবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে প্ররোচনা ও মানসিক নিপীড়নের অভিযোগ করে আসছে। ঘটনাটির পর রিয়াকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি পান তিনি।

এবার সুশান্তের পরিবার নতুন করে আইনি লড়াইয়ে নামছে। তারা সিবিআইয়ের রিপোর্ট আদালতে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন পরিবারের আইনজীবী।