ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেতা, জামিন নামঞ্জুর
ছবি: সংগৃহীত
ইরানি অভিনেতা এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় পেজমান জামশিদির বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০ বছর বয়সী এক নারী তার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন।
অপহরণ ও ধর্ষণের অভিযোগে জামশিদিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (২০ অক্টোবর) তেহরানের একটি আদলতে তার বিরুদ্ধে আনিত অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাদী এবং বিবাদী উভয় পক্ষ উপস্থিত ছিলেন।
এদিন শুনানি শেষে আদালত জামশিদির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে আটক রাখার আদেশ দেন। বর্তমানে তিনি ইরানের কারাজের গেজেল হেসার কারাগারে আটক রয়েছেন। এদিকে কারাগারে আটক রাখার আদেশের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন জামশিদি।
তেহরানের পুলিশ কর্মকর্তা শেনাস দেশীয় গণমাধ্যমকে বলেন, ‘২০ বছর বয়সী এক নারী তার বিরুদ্ধে অভিযোগ করলে ওই মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার নথিতে ওই নারী অভিযোগ করেন জামশিদি তার সঙ্গে প্রতারণা এবং যৌন হয়রানি করেছেন।’
ভুক্তভোগী নারীর অভিযোগ, জামশিদি তাকে চলচ্চিত্রে কাজের সুযোগ করে দেওয়ার প্রস্তাব দিয়ে কাছে আসেন। পরবর্তীতে তাকে জোর করে একটি গোপন স্থানে নিয়ে নির্যাতন চালায়।
অপহরণের মামলাটি তেহরানের ক্রিমিনাল প্রসিকিউটর কোর্টে এবং ধর্ষণের অভিযোগ তেহরানের ১ নম্বর ক্রিমিনাল কোর্টে বিচারাধীন রয়েছে।