হবিগঞ্জে বিজিবির অভিযানে আসামিসহ ভারতীয় ৪টি গরু আটক
সংগৃহীত
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে চোরাচালানী ভারতীয় ৪টি গরুসহ আসামি মোহাম্মদ আব্দুল্লাহ (৪০) আটক করেছে। গরুর মূল্য প্রায় ৪ লাখ টাকা। শনিবার (২৫ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ৫৫ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান।
আটককৃত মোহাম্মদ আব্দুল্লাহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এর আগে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করবে।
ওই সংবাদের প্রেক্ষিতে সিন্দুরখান বিওপির একটি বিশেষ টহলদল রাজঘাট ভাঙ্গা ব্রিজ এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪টি গরুসহ আসামী মোঃ আব্দুল্লাহকে আটক করে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, যেকোনো ধরনের অবৈধ চোরাচালানের এবং সীমান্ত এলাকায় মাদক কারবারীদের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবি সব সময় শক্ত ভূমিকা পালন করে আসছে। বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত সুরক্ষাসহ চোরাচালান ও মাদক বিরোধী প্রতিটি অভিযান এবং সীমান্ত সংক্রান্ত অপরাধ দমন করার পাশাপাশি জনগণের আস্থা অর্জন করে সীমান্তবর্তী সর্বসাধারণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে।
তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য বিজিবির নিরলস চেষ্টা এবং অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় চোরাই গরুসহ আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।