দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার যুবদলের

দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার যুবদলের

সংগ্রহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

গতকাল সোমবার বিকেল সোয়া ৫টার দিকে শহরের ব্রহ্মসমাজ সড়ক থেকে জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলীপুর গোরস্থান মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এতে সংগঠনটির প্রতিটি শাখার নেতারাসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এর আগে জেলা ও মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথক দুটি শোভাযাত্রা প্রধান সড়কে এসে একত্রিত হয়।

শোভাযাত্রা শেষে আলীপুর গোরস্থান মোড় এলাকায় মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুণ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রাম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি।

আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির একমাত্র প্রতীক ধানের শীষের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দল যাকেই মনোনয়ন দেবে আমরা তাঁর জন্যই কাজ করব। এ ছাড়া সভায় ফরিদপুরে আওয়ামী লীগের দোসরদের সর্বাত্মক প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।