পঞ্চগড় সীমান্তে দেশীয় অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার

পঞ্চগড় সীমান্তে দেশীয় অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার

সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সীমান্ত এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে জেলা প্রশাসন, এনএসআই ও বিজিবির যৌথ দল।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে পরিচালিত এই অভিযানে কাউকে আটক করা না গেলেও অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও ১৮ বিজিবি ব্যাটালিয়নের সোনাপাতিলা ক্যাম্পের সদস্যরা একযোগে আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সীমান্ত এলাকার পশ্চিমপাড়া গ্রামের কুদ্দুসের বাড়িতে তল্লাশি চালান।

অভিযান চলাকালে বাড়ির পূর্ব পাশের একটি খড়ির ঘরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া সেখান থেকে দুইটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পঞ্চগড় কার্যালয়ের পরিদর্শক এ এস এম মঈনউদ্দীন কবির বলেন, অস্ত্র ও মাদক জব্দ করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে আটোয়ারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।