যেসব আমলে মিলবে চিরস্থায়ী জান্নাত
ছবিঃ সংগৃহীত
মুমিন জীবনের সবচেয়ে বড় চাওয়া-পাওয়া হলো জান্নাত। আল্লাহতায়ালা জান্নাতে যাওয়ার পথ অত্যন্ত সহজ করে দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) জান্নাতে যাওয়ার অনেক আমলের বর্ণনা দিয়েছেন। এখানে কয়েকটি আমলের কথা উল্লেখ করা হলো।
এক. রাসুল (সা.) বলেছেন, ‘‘যে ব্যক্তি একবার বলে ‘সুবহানাল্লাহিল আজিম ওয়াবিহামদিহি’, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ লাগানো হয়।’’ (তিরমিজি : ৩৪৬৪)। ছোট এই বাক্যটি পড়তে মাত্র তিন সেকেন্ডের কম সময় লাগে। কিন্তু আল্লাহ এতই মহান যে তিনি এর বিনিময়ে তাঁর প্রিয় বান্দার জন্য জান্নাতে খেজুরগাছ লাগিয়ে দেন।
আবু উমামাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তাকে মৃত্যু ছাড়া আর কোনো কিছু জান্নাতে যেতে বাধা দিতে পারবে না।’ (তাবরানি : ৭৫৩২; সহিহুল জামে : ৬৪৬৪)। প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়তে ১৫ সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। আল্লাহ এতই মহান যে তিনি তাঁর বান্দার মাত্র ১৫ সেকেন্ডের আমলের বিনিময়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন।
এ ছাড়া আরেকটি এমন আমল আছে, যার মাধ্যমে কয়েক সেকেন্ডে সব কবিরা গুনাহ থেকে পবিত্র হওয়া যায়। জায়েদ (রা.) থেকে বর্ণিত, তিনি নবী (সা.)-কে বলতে শুনেছেন, যে লোক বলে, ‘আসতাগফিরুল্লাহাল আজিম আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আল্লাহতায়ালার কাছে আমি ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি চিরজীবী, চিরস্থায়ী এবং আমি তার কাছে তওবা করি।’ তাকে ক্ষমা করে দেওয়া হয়, যদিও সে রণক্ষেত্র থেকে পলায়ন করে থাকে। (তিরমিজি : ৩৫৭৭)