কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নাজমুল হাসান (২৮) নামে এক কুয়েতপ্রবাসী যুবক নিহত হয়েছেন।  রবিবার বিকেলে দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত নাজমুল হাসান দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। তিনি প্রায় তিন মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন। দেড় মাস আগে বিয়ে করেন, আর আগামী ১৫ দিনের মধ্যেই পুনরায় কুয়েতে ফেরার কথা ছিল তার।

স্থানীয় ও পুলিশ জানায়, বিকেলে নাজমুল মোটরসাইকেলে করে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ফুফাতো ভাই বলেন,‘নাজমুল আজ ক্যান্টনমেন্ট বাজার থেকে একটি টি-শার্ট কিনে বাড়ি ফিরছিল। কে জানত, সেটাই হবে তার জীবনের শেষ যাত্রা।  নববধূর হাতে মেহেদির রং না মুছতেই সে চলে গেল।’

নিহতের বাবা নজরুল ইসলাম বলেন,‘ছেলেকে বিয়ে করিয়ে খুব আনন্দে ছিলাম। সে আনন্দটা আর রাখল না আমার ছেলে।’

মীরপুর হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান জানান, নাজমুলের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।  বিকেল সোয়া ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়।