ভবনের দুর্যোগ ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি চায় রাজউক
সংগ্রহীত ছবি
ভবনসংক্রান্ত দুর্যোগ, যেমন ভূমিকম্প ও অগ্নিঝুঁকি কমানোর লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে সেমিনার করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেমিনারে পেশাগত দক্ষতা, স্বচ্ছ নজরদারি, গবেষণা ও প্রযুক্তির উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
গতকাল সোমবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজন করে রাজউকের বাস্তবায়নাধীন ‘ইমপ্রুভমেন্ট অব ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কোয়ালিটি ফর রিসাইলেন্স অব প্রাইভেট বিল্ডিংস (ডিসিকিউআর)’ প্রকল্প।
সেমিনারে সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন রাজউক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) ও ডিসিকিউআর প্রকল্প পরিচালক মোহাম্মদ বশিরুল হক।
সেমিনারে রাজউক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মধ্যে ডিসিকিউআর প্রকল্পটির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আদিলুর রহমান খান বলেন, ‘শুধু আইনের প্রয়োগ নয়, আমাদের ডিজাইন পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও দুর্যোগ সহনশীল নকশা তৈরিতে উৎসাহ প্রদান করতে হবে। এ ছাড়া নির্মাণ পর্যায়ে তদারকি ও গুণগত মান যাচাইয়ের জন্য একটি স্বচ্ছ ও আধুনিক পর্যবেক্ষণব্যবস্থা গড়ে তোলা জরুরি।’
প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘ঢাকা একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল।
এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে আমরা বারবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেছি। এসব ঘটনার প্রতিটি আমাদের স্মরণ করিয়ে দেয়, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে কোনো আপস করা চলে না। এই লক্ষ্য পূরণে রাজউক এরই মধ্যে বাংলাদেশ জাতীয় ভবন বিধিমালা (বিএনবিসি) বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে। কিন্তু শুধু বিধিমালা থাকলেই হবে না, আমাদের প্রয়োজন প্রয়োগে কঠোরতা, প্রযুক্তিনির্ভরতা এবং সচেতন অংশগ্রহণ।’ তিনি আরো বলেন, “রাজউক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অধীনে একটি ‘আরবান রিডাকশন ডিজাস্টার ল্যাব’ গঠন করা যেতে পারে।
যেখানে ভবন নকশা, দুর্যোগ প্রতিরোধব্যবস্থা, এবং নির্মাণ গুণমান নিয়ে গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তি উন্নয়ন চলবে।”
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিকিউআর প্রকল্পের টিম লিডার ড. টাটসু নারাফু। প্রকল্পটির সারসংক্ষেপ উপস্থাপন করেন রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মনিরুল হক। এ ছাড়া ভূমিকম্প ও অগ্নিঝুঁকি হ্রাস বিষয়ক একটি তথ্য উপস্থাপনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাকিব আহসান। এ সময় প্রকল্পের রূপরেখা উপস্থাপন করেন বাংলাদেশ প্রধান তোমোহিদে উচিগুচি।