পিআর পদ্ধতির চাই না : বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম
সংগ্রহীত ছবি
আপনারা ভোট দেবেন বেতাগীতে, এমপি হবে রংপুরে, চট্টগ্রামে, সিলেটে। আমরা পিআর পদ্ধতি চাই না। আমি এই এলাকার উন্নয়ন করেছি। আপনাদের ভোটে এমপি হলে এই এলাকার উন্নয়ন হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি বরগুনার বেতাগীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।
“যুব ঐক্য, যুব প্রগতি—গণতন্ত্রের অগ্রগতি” স্লোগানকে সামনে রেখে বেতাগী উপজেলার পৌর অডিটরিয়াম প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই প্রতিষ্ঠা উৎসবকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা যুবদলের আহবায়ক মো. মনিরুজ্জামান খান জুয়েল।
যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক মো. রাশেদ খান এবং সদস্য সচিব মো. রফিকুল ইসলাম শাকিল। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর দলীয় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
তিনি তার বক্তব্যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সঠিক পথে এগিয়ে নিতে যুবসমাজের ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি প্রমাণিত গণতান্ত্রিক শক্তি এবং জাতীয় সংকটে বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছে। আগামী দিনের রাজনীতিতে যুবদল আরো শক্তিশালী ও সংগঠিত ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেতাগী পৌর যুবদলের আহ্বায়ক মো. মোশারফ হোসেন সিকদার।
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠন শক্তিশালীকরণ এবং গণতান্ত্রিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, যুবদল গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বদ্ধপরিকর এবং মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, উপজেলা বিএনপির নির্বাচন কমিটির আহবায়ক ও সাবেক মেয়র মো. শাহজাহান কবির, সদস্য সচিব নুরুল ইসলাম পান্না, বরগুনা জেলা যুবদলের সহসভাপতি ইকবাল হোসেন বুলেট, বিএনপির পৌর নির্বাচন কমিটির সদস্য হাবিবুর রহমান নান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।