বিশ্বকাপ জয়ই ক্যারিয়ারের সেরা মুহূর্ত, জানালেন মেসি

বিশ্বকাপ জয়ই ক্যারিয়ারের সেরা মুহূর্ত, জানালেন মেসি

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে ২০২২ সালের বিশ্বকাপ জেতানোর স্মৃতি এখনও জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবেই দেখেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই তারকা ফুটবলার জানালেন, মাঠে এখনও নতুন সাফল্যের পেছনে ছুটলেও, বিশ্বকাপ জয়ই তাঁর ক্যারিয়ারের শিখর।

বুধবার মায়ামিতে আয়োজিত আমেরিকা বিজনেস সামিট-এ অংশ নিয়ে মেসি বলেন, নিজের ক্যারিয়ারের মূল্যায়ন তিনি করবেন অবসরের পরেই। যে সময় এখনো কিছুটা দূরে।

২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ মেসি বলেন, “আমি এসব নিয়ে এখন ভাবি না। অবসরের পর হয়তো বুঝতে পারব, কী করেছি এতদিনে। আপাতত আমি ফুটবলটা উপভোগ করতে চাই, খেলতে চাই।”

বিশ্বকাপজয়ী এবং আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ছিলেন সম্মেলনের প্রথম দিনের মূল আকর্ষণ। তাঁর আগে বক্তৃতা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজের সঙ্গে আলাপে মেসিকে শহরের প্রতীকী “চাবি” উপহার দেওয়া হয়। এ সময় মেসি বলেন, “আমি যখন মায়ামিতে এলাম, প্রথম দিন থেকেই মানুষের ভালোবাসা অবিশ্বাস্য ছিল। সত্যিই আমি কৃতজ্ঞ।”

আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপ এনে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ জেতার চেয়ে বড় কিছু নেই। বিশ্বকাপ জেতার পর আর কিছু চাওয়ার থাকে না।”

২০২৩ সালের মাঝামাঝি সময়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সেই মৌসুমে জেতেন এমএলএসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। চলতি মৌসুমেও তিনি সেই পুরস্কারের অন্যতম দাবিদার। শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে প্লে-অফ সিরিজের তৃতীয় ও নির্ণায়ক ম্যাচ খেলবে ইন্টার মায়ামি, যেখানে দলকে এগিয়ে নেবেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।