এমপি নয়, সেবক হিসেবে কাজ করতে চাই : সাবেক সচিব আব্দুল বারী
সংগ্রহীত ছবি
বিএনপি থেকে সদ্য মনোনয়ন পাওয়া জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী বলেছেন, সারাজীবন কাটিয়েছি জনসেবায়, তাই আবারও সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করতে এসেছি। এমপি নয়, জনগণের সেবক হিসেবে আমৃত্যু কাজ করতে চাই।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আক্কেলপুরে বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
আব্দুল বারী বলেন, আমরা যারা বিএনপি করি, সবাই এক পরিবারের সদস্য, কারো সঙ্গে বৈরিতা নয়। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। আমি সরকারি চাকরি করে এসেছি। আজীবন নিজেকে জনসেবায় নিয়োজিত রেখেছি।
তাই শুধুমাত্র এমপি নয়, জনগণের সেবক হিসেবে আমৃত্যু কাজ করতে চাই। আবারও নিজেকে জনগণের সেবক হিসেবে উৎসর্গ করতে আপনাদের কাছে এসেছি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ প্রমুখ। এ সময় আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।