এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পাওয়ায় সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা

এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পাওয়ায় সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা

সংগ্রহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) নির্বাচন কমিশন থেকে শাপলা কলি প্রতীকে নিবন্ধন পাওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে এনসিপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মো. মোশারফ হোসেনের নেতৃত্বে এ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার থেকে বের হয়ে পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিংনা কাওয়া মারা অসিমুদ্দি মোড়ে এক সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. মো. মোশারফ হোসেন।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল এনসিপি। বৈষম্য, অত্যাচার, নিপীড়ন, রাহাজানির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্ররা প্রাণ দিয়েছে। ছাত্রদের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্য তারা দেখতে চায় না।

কেউ যদি আবারও অন্যায়, অত্যাচার, বৈষম্য সৃষ্টি করতে চায়, প্রয়োজনে আবারও আন্দোলন শুরু করার ঘোষণা দেন তিনি। ছাত্ররা প্রাণ দেবে, কিন্তু কোনো অন্যায় মেনে নেবে না বলে তিনি জানান।  এ সময় তিনি আগামী নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ায় আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা এনসিপির আহ্বায়ক শাকিল আহমেদ, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আনোয়ারুল কবির সোহাগ, যুগ্ম সমন্বয়ক রাসেল আহমেদ, জেলা এনসিপির প্রতিনিধি অ্যাড. আবু শামীম, উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, উপজেলা এনসিপির সদস্য রফিকুল ইসলাম, মামুনুর রশীদ, আকুল মিয়া প্রমুখ।

পরে দেশ ও জনগণের শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।