ধর্মীয় ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে হবে : মাহবুব আলম

ধর্মীয় ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে হবে : মাহবুব আলম

সংগ্রহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম বলেছেন, একটি দল এসে বলবে তাদের ভোট না দিলে জান্নাতে যেতে পারবেন না। তাই এই ধর্মীয় ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। যারা আপনাদের সম্মান অস্বীকার করবে, তাদের ভোট দেবেন না।

শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মেহের আলী মোল্লাবাড়িতে জনতার উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

রামগঞ্জ উপজেলা এনসিপি এ আয়োজন করে।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের পরিবর্তনের একটি সুযোগ এসেছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। আমরা দেখেছি মুজিবীয় দুঃশাসন ও একদলীয় শাসন ব্যবস্থা। ২০২৪ সালেও পরিবর্তনের সুযোগ এসেছে, এবার আমরা কোনো মাফিয়া বা দুর্নীতিবাজ দলকে সেই সুযোগ নষ্ট করতে দেব না।

আমাদের নতুন করে ভাবতে হবে দেশের ভবিষ্যৎ নিয়ে।

মাহবুব আলম বলেন, আগামী নির্বাচনের ভোটই নির্ধারণ করবে আগামী ৫০ বছরের বাংলাদেশ কেমন হবে। শাপলার কলিই হবে নতুন বাংলাদেশের প্রতীক। এনসিপিই আগামী দিনের সরকার গঠন করবে।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির রামগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী মাছুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী মাহবুবুর নবী টিটু, আরিফ সোহেল, হাছিবুর রহমান রাফি, চন্ডিপুর ইউনিয়নের আহ্বায়ক সাইফুল ইসলামসহ অনেকে।