চরভদ্রাসনে পদ্মা নদীর সাড়ে তিন কিলোমিটার বাঁধ অপসারণ

চরভদ্রাসনে পদ্মা নদীর সাড়ে তিন কিলোমিটার বাঁধ অপসারণ

সংগ্রহীত ছবি

পানি প্রবাহ নিশ্চিতকরণ ও দেশীয় মাছ রক্ষায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে ৩টি অবৈধভাবে নির্মিত সাড়ে ৩ কিলোমিটার আড়াআড়ি বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে এ বাঁধ অপসারণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও আওয়ামী লীগের দুটি প্রভাবশালী মহলসহ কয়েকটি জেলে গোষ্ঠী মিলে নদীতে এসব বাঁধ নির্মাণ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল। এতে নদীতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি লাখ লাখ টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এর ফলে শনিবার পদ্মা নদীতে অভিযান চালিয়ে তিনটি আড়াআড়ি বাঁধ অপসারণ করে ভ্রাম্যমাণ আদালত। যার মধ্যে একটি বাঁধ ছিল প্রায় ২.৫ কিলোমিটার প্রস্থ ও অপর দুইটি ছিল ৫০০ মিটার করে। মোট ৩.৫ কিলোমিটার বাঁধ অপসারণ করা হয়। পরে বাঁধের নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোসাইন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, চরভদ্রাসন থানার একটি পুলিশ টিম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন বলেন, মাছের বংশবিস্তার ও অবাধ বিচরণের জন্য নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যক্তি নদীর গতিপথ বাধাগ্রস্থ করে অবৈধভাবে মাছ শিকার করতে পারবে না।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, মৎস্য সম্পদ রক্ষায় মাছের অবাধ চলাচল ও প্রজনন রক্ষায় নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।