সাবেক মেয়র আইভির হাইকোর্টে জামিন

সাবেক মেয়র আইভির হাইকোর্টে জামিন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

জুলাই বিপ্লবে হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এ রায় দেন।

এদিন আইভীর পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি। 

গত ২০ জুলাই সন্ধ্যায় ছাত্র জনতার আন্দোলনের সময় আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী। এ মামলায় পোশাক  শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাবন্দি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পরবর্তীতে আইভির বিরুদ্ধে আরও মামলা করা হয়।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।