পলিথিন, শব্দ ও বায়ুদূষণ রোধে সারাদেশে একযোগে পরিবেশ অধিদপ্তরের অভিযান

পলিথিন, শব্দ ও বায়ুদূষণ রোধে সারাদেশে একযোগে পরিবেশ অধিদপ্তরের অভিযান

সংগ্রহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।  রবিবার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে এসব অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বগুড়া, নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে ৬টি মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা ও ৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।  

এ সময় বিভিন্ন বাজার, সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সতর্কতামূলক বার্তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

একইদিন ঢাকার টিকাটুলি এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনে পরিচালিত অভিযানে ৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৬০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।  এ সময় সংশ্লিষ্ট যানবাহনের চালকদের সতর্কতামূলক নির্দেশনাও প্রদান করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইনে খুলনা ও ঢাকা মহানগরের টিকাটুলি এবং শ্যামলী এলাকায় নির্মাণ সামগ্রীর বায়ুদূষণ করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪টি মামলার মাধ্যমে মোট ৬৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়।  পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করা হয় এবং বায়ুদূষণকারী নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এসব অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। পরিবেশ অধিদপ্তর সর্বসাধারণকে পরিবেশ সংরক্ষণে সহযোগিতা ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।