পূর্বধলার জঙ্গলে মিলল নবজাতকের মরদেহ, যুবকের বিরুদ্ধে মামলা

পূর্বধলার জঙ্গলে মিলল নবজাতকের মরদেহ, যুবকের বিরুদ্ধে মামলা

প্রতিকী ছবি

নেত্রকোনার পূর্বধলায় জঙ্গল থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় শাহ আলম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার দুপুরে পূর্বধলার সদর ইউনিয়ন থেকে মরদেহ উদ্ধারের পর রবিবার সকালে ওই নবজাতকের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগকারীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করায় অভিযুক্ত শাহ আলমের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করলে গর্ভবতী হয়ে পড়েন।

গত শুক্রবার দুপুরে শাহ আলম জোরপূর্বক গর্ভপাতের ওষুধ খাওয়ানোর পর স্থানীয় এক ধাত্রীর সহযোগিতায় তিনি মৃত সন্তান প্রসব করেন। মরদেহ পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, ‘নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার নমুনাও সংগ্রহ করা হয়েছে।