গুচ্ছ ভর্তি নিয়ে ইউজিসির সঙ্গে ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠক

গুচ্ছ ভর্তি নিয়ে ইউজিসির সঙ্গে ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠক

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশ্ববদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে বসেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। 

বৈঠকে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও ডাকা হয়েছে। তারা গুচ্ছে যুক্ত হবেন কি না, সভায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি আবেদন শুরুর তারিখসহ অন্যান্য বিষয়েও আলোচনা করবেন তারা।

এর আগে গত ২৩ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ। আর সদস্য সচিব হিসেবে আছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বরিশাল বিশ্ববিদ্যালয়; রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়; গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি; নেত্রকোনা বিশ্ববিদ্যালয়; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

এছাড়া এদের সঙ্গে আরও পাঁচটি বিশ্বিবদ্যালয় যুক্ত হওয়ার কথা রয়েছে।