বৃহস্পতিবার শুরু এইচএসসি, দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার

বৃহস্পতিবার শুরু এইচএসসি, দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার

ফাইল ফটো

বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৪ হাজার ৪৩৬ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৪৩ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ৪ হাজার ৬০৭ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (৩০ জুন) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৩ হাজার ১৭৬ জন, অনিয়মিত ২৯ হাজার ৬৩০ জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৬৭০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন।

বিভাগভিত্তিক হিসাবে বিজ্ঞান বিভাগে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষায় অংশ নেবেন।

এবার রংপুর বিভাগের আট জেলার ৬৬৫টি কলেজের শিক্ষার্থীরা ২১৩টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।