বাঞ্ছারামপুরে ৪ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার

বাঞ্ছারামপুরে ৪ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার আসাদনগর ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই (নি.) মো. হাসান উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার মোহাম্মদ মাসুদ সরকার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নরসিংদীর রাঙ্গামাটিয়া এলাকার আছিয়া বেগম (৪০), আকলিমা (৩০) এবং বিলাসদী আল্লাহু চক্কর এলাকার মানিক মিয়ার স্ত্রী শাহানাজ বেগম (২৮)। তাদের কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, জব্দ তালিকা অনুযায়ী মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বডি ফিটিং অবস্থায় মাদক বহনকালে এই তিন নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমাদের চৌকস পুলিশ টিম। সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছি।”