১ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
সংগৃহীত ছবি
অমর একুশে গ্রন্থমেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু করা ও প্রকাশকদের স্টলভাড়া ৫০ শতাংশ কমানোর দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার সকালে শাহবাগ চত্বরে এক সমাবেশ শেষে সংগঠনের নেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে পুলিশ দুই দফায় কাটাতারের বেড়া দিয়ে মিছিল আটকে দেয়। পরে পুলিশের একটি ভ্যানে করে ১০ সদস্যের প্রতিনিধি দলকে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ স্মারকলিপি গ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লাল্টু এবং সঞ্চালনা করেন প্রকাশক-কবি দেলোয়ার হাসান । বক্তব্য দেন কবি মোহন রায়হান, প্রকাশক সাঈদ বারী, সাংস্কৃতিক নেতা খন্দকার শাহ আলম, শহীদ আজাদ, আলমগীর শিকদার লোটন, জামশেদ আনোয়ার তপন, দীপা খন্দকার, জাকির হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় বইমেলা নিয়ে বিভ্রান্তিকর অবস্থান নিয়েছে। কখনও বলছে ডিসেম্বর, আবার ফেব্রুয়ারি। কিন্তু নির্বাচনের আগে না পরে হবে, তা এখনো স্পষ্ট নয়।
তারা আরও বলেন, একুশে বইমেলা দেশের স্বাধীনতা, সংস্কৃতি ও গণতন্ত্রের প্রতীক। এটি শুধু একটি বাণিজ্যিক আয়োজন নয়। নিরাপত্তার অজুহাতে মেলা পিছিয়ে দেওয়া জনগণের সংস্কৃতি-চেতনার প্রতি অসম্মান।
তারা দাবি করেন, 'আমরা চাই, ১ ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু হোক এবং প্রকাশকদের স্টলভাড়া অর্ধেকে নামিয়ে আনা হোক। সরকার দাবি না মানলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এবং প্রয়োজনে বিকল্পভাবে বইমেলার আয়োজন করব।'