পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেছেন, ছাত্রদল চারটি ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে। তবে পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
নাসির উদ্দীন বলেন, অনিয়মে ভরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হয়তো ছাত্রদল প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। বিভিন্ন ষড়যন্ত্রের পরেও আমরা বলেছি ছাত্রদলের আরও ভালো করা উচিত ছিল। গণঅভ্যুত্থানের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলে আসছিলাম, একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে। কিন্তু সেটা কোনোভাবেই তারা করতে পারেনি।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, জিএস ও এজিএস ছাত্রলীগ করে হলে অবস্থা করেছেন। অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করায় ছাত্রদলসহ অন্য ছাত্র সংগঠনের কেউ হলে অবস্থান করতে পারেনি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েও যারা ভিপি-জিএস নির্বাচিত হয়েছে, তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তবে শিক্ষার্থী হয়তো ভোট দিয়েছেন অথবা অনিয়ম হয়েছে। তবে যেটাই হয়ে থাকুক, ছাত্রদল সবসময় ন্যায়, গণতন্ত্র ও শিক্ষার্থীদের পক্ষে আপসহীন সংগ্রাম চালিয়ে যাবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।