ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন বদলের দাবিতে গণমিছিল
সংগ্রহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন বদলের দাবিতে কসবায় গণমিছিল হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে কসবা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ গণমিছিল আড়াইবাড়ি থেকে কড়ইতলায় গিয়ে শেষ হয়। এ সময় শত শত নেতাকর্মী কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে দলকে আগলে রেখেছেন কবীর আহমেদ ভূঁইয়া।
কিন্তু ওনাকে মনোনয়ন না দিয়ে মুশফিকুর রহমান নামের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দলের হাল ছেড়ে কানাডা চলে গিয়েছিলেন। ওনি বয়োবৃদ্ধ। যার কারণে উনার পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব না।
এদিন বিকেল ৪টা থেকে আড়াইবাড়ির মাঠে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন। এ সময় তারা কবির ভূঁইয়ার পক্ষে স্লোগান দিতে থাকেন। মনোনয়ন বদল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় কসবা উপজেলা বিএনপি সভাপতি মো. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মনোনয়ন পরিবর্তন হবে বলে নেতারা আশা প্রকাশ করেন।