নাশকতা প্রতিহত করতে রাজধানীর ১৪ স্থানে অবস্থান নেবে ছাত্রশিবির

নাশকতা প্রতিহত করতে রাজধানীর ১৪ স্থানে অবস্থান নেবে ছাত্রশিবির

সংগ্রহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ১৪টি স্থানে থাকবে ইসলামী ছাত্রশিবির। গতকাল বুধবার সন্ধ্যায় সংগঠনটির প্রচার বিভাগ জানিয়েছে, ছাত্রশিবিরের উদ্যোগে আগামীকাল (আজ) বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা কলেজ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিল শেষে ১৪টি স্পটে জনশক্তিরা দিনব্যাপী অবস্থান করবে এবং আওয়ামী লীগের নাশকতা ও আগুনসন্ত্রাস প্রতিহত করা হবে। 

সংগঠনটি জানিয়েছে, আগামীকাল (আজ) সকাল থেকে উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, শাহবাগ, রামপুরা, মহাখালী, গাবতলী, মিরপুর-১০, ধানমণ্ডি-৩২, সায়েন্সল্যাব, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোডে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনতাকে আওয়ামী নাশকতা ও আগুনসন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানায় ছাত্রশিবির।

রামপুরা-উত্তরার চার স্পটে অবস্থান নেবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিবির : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। রাজধানীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অধ্যুষিত এলাকাগুলোর চারটি পয়েন্টে সকাল থেকে অবস্থান নেবেন দলটির নেতাকর্মীরা। ইসলামী ছাত্রশিবিরের বেসরকারি বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।