রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান-বিপণিবিতান খোলা থাকবে আজ
প্রতিকী ছবি
রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান ও বিপণিবিতান আজ বৃহস্পতিবার খোলা থাকবে। তবে যেসব এলাকায় সাপ্তাহিক বন্ধের দিন ধার্য রয়েছে, সেসব এলাকায় দোকানপাট বন্ধই থাকবে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্থায়ী কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সব দোকান খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার দোকানপাট ও শপিং মলগুলো যথারীতি খোলা থাকবে। ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি ঠেকাতে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে দোকান ব্যবসায়ীরা জানান, আগামীকাল দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা থাকবে।
এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে অনেক মানুষের মনে প্রশ্ন জেগেছে, দোকানপাট খোলা থাকবে কি না। এ ছাড়া অনেক দোকান মালিক নিজেও ধোঁয়াশার মধ্যে রয়েছেন—কী হবে বা কী করবেন। তাই আমরা এ বিষয়ে একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে যথারীতি দোকান খোলা রাখার জন্য বলেছি।
যথারীতি বলতে আমরা বুঝিয়েছি, যে এলাকায় সাপ্তাহিক বন্ধ, সে এলাকায় বন্ধ থাকবে।’