নগরকান্দায় কয়েলের আগুনে পুড়ল দুই ভাইয়ের বসতঘর-গবাদি পশু

নগরকান্দায় কয়েলের আগুনে পুড়ল দুই ভাইয়ের বসতঘর-গবাদি পশু

সংগ্রহীত ছবি

ফরিদপুরের নগরকান্দায় মশার কয়েলের আগুনে ২ সহোদর কৃষকের ৩টি বসতঘরসহ একাধিক গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে পাইককান্দী গ্রামের রাজু মোল্যার ছেলে কৃষক নুর ইসলাম মোল্যা ও নুরুজ্জামান মোল্যার গরুর গোয়ালে মশার কয়েল জ্বালানো হয়। কিছুক্ষণ পর ওই কয়েল থেকে গোয়াল ঘরে আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যে ওই আগুন আশপাশের তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুই সহোদর কৃষকের তিনটি বসতঘর, দুইটি গরু, চারটি ছাগল, ধান, পাট, পেঁয়াজ ও নগদ অর্থসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, আগুনে আমাদের সবকিছু পুড়ে ছাই গেছে।

এখন থেকে আমাদের খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া উপায় নেই।

নগরকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রহমান বলেন, আগুনে বসতঘর ও গবাদি পশু পুড়ে যাওয়ার খবর পেয়েছি। ইউএনও স্যারকে বিষয়টি জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতার ব্যবস্থা করা হবে।