ঢাকাস্থ জামালপুরের শিক্ষার্থীদের নবীনবরণ ও সংবর্ধনা

ঢাকাস্থ জামালপুরের শিক্ষার্থীদের নবীনবরণ ও সংবর্ধনা

ছবি: সংগৃহীত

২০২৪–২৫ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, কৃষি, বিজ্ঞান ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত  ঢাকাস্থ জামালপুরের শিক্ষার্থীদের নিয়ে জামালপুর ফোরামের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এ অনুষ্ঠান হয়।
 
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় থাকা জামালপুরের শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, নেটওয়ার্কিং ও ক্যারিয়ার গঠনে সহায়তা করা ফোরামের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।
 
আয়োজনের শুরুতেই শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ফোরামের পক্ষ থেকে স্মারক দেওয়া হয়। আয়োজনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আহসান হাবীব।

ঢাকাস্থ জামালপুরের শিক্ষার্থীদের নবীনবরণ ও সংবর্ধনার আয়োজন করে জামালপুর ফোরাম। ছবি: ঢাকা মেইল 

ফোরামের সদস্য ইন্জিনিয়ার মো. আব্দুস সবুর বলেন, মোবাইল ব্যবহারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের সকল শিক্ষার্থীর নীতি-নৈতিকতা বিষয়ে সচেতন থাকতে হবে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
 
শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভুতি প্রকাশ করে বুয়েট শিক্ষার্থী এ এম মুসাব্বিরুল ইসলাম বলেন, জামালপুর ফোরাম যাতে করে সবসময়ের মতো করেই শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় এবং শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ-খবর রাখে, এই প্রত্যাশা আমাদের।
 
জাপানি সংস্থা জাইকার পরামর্শক জাকির হোসেন মনা শিক্ষার্থীদের ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা আরোপ করার কথা বলেন। নতুন যারা ঢাকায় আসে তারা যেন সর্বক্ষণিক যোগাযোগ করতে পারে, এজন্য একটি হটলাইন নাম্বার চালু করার বিষয়ে পরামর্শ প্রদান করেন তিনি।
 
জামালপুর সমিতির মহাসচিব ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন শিক্ষার্থীদের সব  ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি ধর্ম গোত্র বর্ণ ভুলে সব শিক্ষার্থীকে মিলেমিশে সহাবস্থান করতে বলেন। বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ঢাকায় থাকার সমস্যা হয়, তা নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রয়োজনে অর্ধেক ভাড়া ফোরাম থেকে দিয়ে ব্যবস্থা করা উচিৎ। তিনি স্বাস্থ্যসেবার সহায়তার জন্য একটি নম্বর উল্লেখ করে বলেন যে চিকিৎসা সংক্রান্ত যেকোন সমস্যায় যোগাযোগ করতে বলা হয়েছে। 
 
অনুষ্ঠানের অতিথি হিসেবে আরও ছিলেন ড. ছামিউল হক ফারুকী, ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ডা. মো. নওফেল ইসলাম, অধ্যাপক ডা. রেজাউল করিম, মো. শহীদুল্লাহ্ খানসহ অনেকে।