ব্যবসায় মিথ্যা বললে উপার্জন কী হারাম হয়ে যায়?

ব্যবসায় মিথ্যা বললে উপার্জন কী হারাম হয়ে যায়?

ছবি: সংগৃহীত

আমি একজন কাপড় ব্যবসায়ী। কাপড় বিক্রির জন্য কখনো কখনো মিথ্যা বলে ফেলি। সম্প্রতি আমার এক বন্ধু আমাকে বলেছেন, পণ্য ক্রয়-বিক্রয়ের সময় মিথ্যা বললে উপার্জন হারাম হয়ে যায়। সুতরাং আমি হারাম খাই। আমার জানার বিষয় হলো, পণ্য লেনদেনের সময় মিথ্যা বললে ব্যবসার পুরো আয় কি হারাম হয়ে যাবে?

প্রাজ্ঞ আলেমরা বলেন, ইসলামী শরিয়তে মিথ্যা বলা জঘণ্য অপরাধ। এই বিষয়ে কোরআন ও হাদিসে কঠোর হুশিয়ারি আছে। হাদিসে মিথ্যা বলাকে মুনাফিকের বৈশিষ্ট্য বলা হয়েছে। হাদিসের বর্ণনা মতে, সত্য বললে ব্যবসায় বরকত হয় এবং মিথ্যা বললে, ব্যবসার বরকত নষ্ট হয়। হাদিসে এটাও বলা হয়েছে, যে ব্যক্তি মিথ্যা বলে নিজের ব্যবসা বাড়ায় কিয়ামতের দিন আল্লাহ তাঁর সঙ্গে দয়ার কথা বলবেন না, দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাকে গুনাহ মুক্ত করবেন না এবং তাকে কঠোর শাস্তি দেবেন।

তবে ইসলামী শরিয়তের দৃষ্টিতে মিথ্যা বলে পণ্য বিক্রি করলে উপার্জন হারাম হয়ে যায় না। শর্ত হলো, মিথ্যা বলে অতিরিক্ত মূল্য গ্রহণ করা যাবে না। যদি মিথ্যা বলে অতিরিক্ত মূল্য আদায় করা হয়, তবে তা হারাম হবে এবং অতিরিক্ত মূল্য ক্রেতাকে ফিরিয়ে দেওয়া আবশ্যক। আবু বাকরাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমি কি তোমাদের সব থেকে বড় গুনাহ সম্পর্কে সতর্ক করব না? আমরা বললাম, অবশ্যই সতর্ক করবেন হে আল্লাহর রাসুল! তিনি বললেন, আল্লাহর সঙ্গে কোন কিছুকে অংশিদার গণ্য করা, পিতা-মাতার নাফরমানি করা। এ কথা বলার সময় তিনি হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন। এরপর (সোজা হয়ে) বসলেন এবং বললেন, মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া, তিন দুই বার করে বললেন এবং ক্রমাগত বলেই চললেন। এমনকি আমি বললাম, তিনি মনে হয় থামবেন না।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৭৬)

আবু জর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, কিয়ামতের দিন আল্লাহ তিন প্রকার লোকের সাথে কথা বলবেন না, তাদের প্রতি দয়ার দৃষ্টিতে দেখবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না।  তারা কঠিন শাস্তি ভোগ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসুল! এরা কারা? নিঃসন্দেহে এরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি (সা.) এই কথা তিন বার বললেন, আর আমিও তাঁকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসুল! এরা কেমন লোক? এরা তো ব্যর্থ ও ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বললেন—

১. যে ব্যক্তি টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে

২. যে ব্যক্তি দান করে খোঁটা দেয়

৩. যে ব্যক্তি মিথ্যা বা ধোঁকাপূর্ণ কসম করে পণ্য বিক্রি করে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৮৭)

উল্লিখিত হাদিসের ব্যাখ্যায় মাজাহেরে হকে লেখা হয়েছে, এখানে মিথ্যা কসম করে ব্যবসা বৃদ্ধি করার দ্বারা উদ্দেশ্য হলো সেই ব্যবসায়ী যে অতিরিক্ত মুনাফার জন্য অথবা পণ্যের বিক্রি বাড়ানোর জন্য মিথ্যা কসম খায়। যেমন কেউ কোনো পণ্য নয় রুপি দিয়ে ক্রয় করল, কিন্তু ক্রেতার কাছ থেকে অধিক মূল্য আদায়ের জন্য অথবা পণ্যের গুণাগুণ (কোয়ালিটি) উন্নত বোঝাতে মিথ্যা কসম করে বলল, আল্লাহর কসম! আমি এই পণ্য এক শ রুপি দিয়ে কিনেছি। (মাজাহিরুল হক, ব্যবসা অধ্যায়)

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।