জামালপুরের সরিষাবাড়ীতে আগুনে পুড়ল গরু-ছাগল : নিঃস্ব বিধবা নারী

জামালপুরের সরিষাবাড়ীতে আগুনে পুড়ল গরু-ছাগল : নিঃস্ব বিধবা নারী

সংগ্রহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে এক বিধবা নারীর একটি গরু ও একটি ছাগলসহ গোয়ালঘর আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এ ছাড়াও আরো দুইটি গরু পুড়ে আহত হয়েছে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে মাহফুজা বেগম নামে ওই নারী।

শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় মাহফুজা বেগমের বাড়ীতে আগুনের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, মশার উপদ্রব থেকে গরুকে রক্ষা করতে প্রতিদিন গোয়ালঘরে মশার কয়েল ব্যবহার করেন তারা। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে মশার কয়েল গোয়ালঘরে দিয়ে বাড়ির ভেতরে চলে যান। কিছুক্ষণ পরে বাহিরে এসে গোয়ালঘরের চারপাশে আগুন দেখতে পান। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে গোয়ালঘরসহ তিনটি গরু ও একটি ছাগল দগ্ধ হয়ে যায়। এর মধ্যে একটি গাভী ও একটি ছাগল পুড়ে মারা যায়।

ভুক্তভোগী নারী মাহফুজা বেগম জানান, ৬ মাস আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার স্বামী মারা যায়।  দুই সন্তান নিয়ে গরুগুলো লালন-পালন করে অতি কষ্টে সংসার চলে তাদের।

এর মধ্যে আগুনে গোয়ালঘরসহ গরু-ছাগল পুড়ে যাওয়ায় অন্তত ২/৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে একদম নিঃস্ব হয়ে পড়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে কামরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, আগুনে মাহফুজা বেগম নামে এক নারীর গোয়ালঘরসহ একটি গরু ও একটি ছাগল পুড়ে মারা গেছে। আগুনে পুড়ে আরো দুটি গরু আহত হয় বলে জানান তিনি।