সেরা রিপোর্টিং পুরস্কার পেলেন ২৬ সাংবাদিক
সংগৃহীত
অনুসন্ধানী সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার মোট ২৬ সাংবাদিক নগদ-ডিআরইউ সেরা রিপোর্টিং পুরস্কার ২০২৫ অর্জন করেছেন।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।
মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সহযোগিতায় এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা এবং প্রখ্যাত অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ।
সাংবাদিকদের জনগণের কণ্ঠ হিসেবে আখ্যায়িত করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের চলমান ক্রান্তিকালে সঠিক তথ্য সরবরাহ করে জনগণের পাশে থাকা সাংবাদিকদের জন্য অত্যন্ত জরুরি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যারা প্রতিবেদন দাখিল করেছেন, তাদের কাজগুলো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বিশ্ব প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। সাংবাদিকরা তাৎক্ষণিক সমস্যাগুলো তুলে ধরলে দ্রুত সমাধান করা সম্ভব হয়।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সৃষ্ট হতাশা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, বরং পরিস্থিতির উন্নতি হয়েছে। আগস্ট মাসে অর্থনৈতিক অবস্থা কঠিন ছিল, কিন্তু আমরা ভিতরের অবস্থা জানি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, এক্সপোর্টও বাড়ছে।
তিনি বলেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব না নিত, তবে দেশের অবস্থা আরও খারাপ হতে পারত। বর্তমানে মুদ্রাস্ফীতি (ইনফ্লেশন) ১৪ শতাংশ থেকে আট শতাংশে নেমে এসেছে এবং এটি আরও কমবে।
তিনি আরো বলেন, আগামী তিন মাস খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো অর্থনৈতিক কাঠামোটি সুসংহত করা, যাতে আগামী সরকার দায়িত্ব নিয়ে এটিকে আরও উন্নত করতে পারে।
অর্থ উপদেষ্টা বলেন, সাংবাদিকদের কাছে অনুরোধ আপনারা সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজের দিকগুলোও তুলে ধরবেন এবং গঠনমূলক পরামর্শ দিয়ে সরকারকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক কাজ করতে সহায়তা করবেন। যাতে বাংলাদেশ যেন অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই দ্রুত এগিয়ে যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী। এছাড়াও নগদের প্রশাসক মো. মোতাসেম বিল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নগদ-ডিআরইউ সেরা রিপোর্টিং পুরস্কার ২০২৫ এ ২৪টি বিভাগে জমা দেওয়া বিপুল সংখ্যক মনোনয়ন থেকে, ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে প্রকাশিত বা সম্প্রচারিত সেরা ২৬টি প্রতিবেদনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। দুটি বিভাগে যৌথভাবে বিজয়ী ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে রয়েছেন, মুহাম্মদ সালাহ উদ্দিন জসিম (জাগো নিউজ টুয়েন্টি ফোর ডট কম), সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), রফিকুল ইসলাম (দ্য ডেইলি সান), এমএ নোমান (দৈনিক আমার দেশ), জিয়াদুল ইসলাম (দৈনিক আমাদের সময়), মো. শাখাওয়াত প্রিন্স (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), মো. শরিফুল ইসলাম (দ্যা ডেইলি স্টার), হারুন-উর রশিদ (দৈনিক কালবেলা), মো. আবু সালেহ রনি (দৈনিক সমকাল), মো. শাহজাহান আলী (দ্যা সকালসন্ধ্যা ডট কম), মো. শাহজাহান আলী (দৈনিক দেশ রূপান্তর), মো. জসিম উদ্দিন (ঢাকাপোষ্ট ডটকম), এহসানুল হক জসিম (দ্য ডেইলি সান), মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), শামসুল হক মোহাম্মদ মিরাজ (দৈনিক কালের কণ্ঠ), শাহ মো. রাশেদুর রহমান (ডিবিসি নিউজ), আবু জাহেদ মো. সেলিম (মাছরাঙ্গা টিভি), আলমগীর হোসেন (যমুনা টিভি), রাজীব ঘোষ (ডিবিসি নিউজ), মো. এমদাদুল হক (চ্যানেল ২৪), মো. ইউসুফ আলী (ডিবিসি নিউজ), শাহনাজ শারমিন (একাত্তর টিভি), মাহদে আজাদ মাসুম (বৈশাখী টিভি), মৌসুমী ইসলাম (দ্য ডেইলি সান), হাসান আরিফ (দ্যা ডেইলি বাংলাদেশ)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। সমাপনি বক্তব্যে তিনি বলেন, নগদের বিশেষ পৃষ্ঠপোষকতার কারণেই এবারের আয়োজনটি অন্যান্য বছরের তুলনায় অনেক বড় হয়েছে এবং বেশি পুরস্কার দেওয়া সম্ভব হয়েছে।
সভাপতি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং যারা এবার পুরস্কার পাননি, তাদের প্রতি আগামীতে সফল হওয়ার শুভকামনা জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
পুরস্কারের জন্য গঠিত ১০ সদস্যের জুরি বোর্ডের সভাপতিত্ব করেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।