রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৩

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৩

প্রতিকি ছবি

 

হত্যাসহ একাধিক ছিনতাই মামলার আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতাররা হলো- মো. পলাশ সরকার ওরফে পলাশ (২৯), সাকিব সরকার ওরফে সাকিব (২০) ও বিপ্লব হোসেন (৩১)।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, গতকাল সকাল সাড়ে ৬টায় মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে হামলার শিকার হয়ে আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে এক ছিনতাইকারী আহত হয়।

এ প্রসঙ্গে ধানমন্ডি থানার কর্মকর্তারা জানান, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশের টহল টিম উক্ত স্থানে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. পলাশ সরকার ওরফে পলাশ এবং সাকিব সরকার ওরফে সাকিব হত্যার উদ্দেশ্যে ধানমন্ডি থানার এসআই মো. সাইফুল আলমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোঁড়ে।

তাদের হামলায় গুরুতর জখম হন এসআই সাইফুল এবং হামলাকারী সাকিবের বাম পায়ে পুলিশের গুলি লাগে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দু’টি ছুরি, একটি ফোল্ডিং ছুরি, একটি খেলনা পিস্তলসহ বিভিন্ন মডেলের ৮টি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা উক্ত এলাকার শীর্ষ ছিনতাইকারী। গ্রেফতারকৃত মো. পলাশ সরকার ওরফে পলাশের বিরুদ্ধে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।