বেরোবিতে ২৯ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচন, প্রার্থীদের ডোপ টেস্ট

বেরোবিতে ২৯ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচন, প্রার্থীদের ডোপ টেস্ট

ছবি: সংগৃহীত

জল্পনা কল্পনা শেষে দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন। ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল। ঘোষণা অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন। তবে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের করা হবে ডোপ টেস্ট। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. শাহাজামানসহ ৫ কমিশনারের স্বাক্ষরিত নির্বাচনি তফশিলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

তফশিল সূত্রে জানা যায়, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ৫ দিন চলবে মনোনয়ন বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর মনোনয়ন দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই এবং ৭ ডিসেম্বর প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। এরপর ৮ ডিসেম্বর আপত্তি-অনাপত্তি এবং ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ১০ ডিসেম্বর। পরে ১৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ওইদিনই ফলাফল ঘোষণা করা হবে। 

এর আগে কয়েকদিন ধরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনি রোডম্যাপসহ ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে, স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এ বিষয়ে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. শাহাজামান জানান, আগামী ২৯ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন। আর এই নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যা যা করার তা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। এসময় তিনি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীসহ সব শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন তিনি। 

উল্লেখ্য : ২০০৮ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শুরুতে বিশ্ববিদ্যালয়ের নাম ছিল রংপুর বিশ্ববিদ্যালয়। পরে মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়। ২০০৯ সালের ৪ এপ্রিল, ৩০০ জন ছাত্রছাত্রী নিয়ে রংপুর সদরের ধাপ এলাকায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। ২০১১ সালের ৮ জানুয়ারি, রংপুর ক্যাডেট কলেজ ও রংপুর কারমাইকেল কলেজের নিকটবর্তী ৭৫ একর জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অ্যাকাডেমিক কার্যক্রম স্থানান্তরিত হয়।