মেহেরপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

মেহেরপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

ফাইল ছবি।

মেহেরপুরের গাংনী বড়বাজার এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে গাংনী বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অন্য ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহতরা হলেন- গাংনী মহিলা কলেজপাড়ার আব্দুল হালিমের ছেলে নুহু হোসেন (৯), উত্তরপাড়ার কারী মোহাম্মদ আবু ইউসুফের ছেলে মাহাবুব হোসেন (১১), মালসাদহ গ্রামের সাদিয়া সুলতানা (১৬), চৌগাছা এলাকার আব্দুল মান্নান (৭০), বাজারপাড়ার রাশেদুল হকের মেয়ে ফারিয়া খাতুন (১২), মুকুল হোসেন (৪৫), হাবিবুর রহমান (২২), হাফিজুর রহমান (৬০), ধানখোলা গ্রামের রফিকুল ইসলাম (৫৫) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের কাদের আলী (৫৬)।

আহত হাবিবুর রহমান জানান, সন্ধ্যায় গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় একটি কুকুর কয়েকজন পথচারীকে কামড়ে দেয়। পরে তাদের উদ্ধার করতে এগিয়ে আসা স্থানীয় লোকজনও কুকুরটির আক্রমণের শিকার হন। এতে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা জানান, দুপুরের পর থেকে ধারাবাহিকভাবে কুকুরে কামড়ানো রোগীরা হাসপাতালে আসতে থাকেন। গুরুতর আহতদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি সবাইকে জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।