৪৭তম জন্মদিনে আলোকসজ্জা ও আল্পনায় সজ্জিত হবে ইবি

৪৭তম জন্মদিনে আলোকসজ্জা ও আল্পনায় সজ্জিত হবে ইবি

ফাইল ছবি

আগামী ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কে আল্পনা এবং ভবনগুলো আলোকসজ্জিতসহ নানা কর্মসূচি গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিবসটি উপলক্ষ্যে ওইদিন বেলা ১১টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এসময় উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এবং বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমান। এসময় নিধার্রিত ব্যানার নিয়ে সকল বিভাগ, অফিস, ইনস্টিটিউট, হলসমূহ ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় হলসমূহে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন স্ব-স্ব হলের প্রভোস্টগণ।  পতাকা উত্তোলন শেষে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক কেক কেটে এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন। কর্মসূচির উদ্‌বোধন শেষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে সকল বিভাগ, অফিস, হলসমূহ ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ তাদের নিজস্ব ব্যানার এবং রোভার স্কাউট গ্রুপ বাদ্যযন্ত্র নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করবে। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তি প্রস্তর চত্বরে এসে শেষ হবে। আনন্দ র‍্যালি শেষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য। দিবসটি উপলক্ষ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা এবং বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হবে।