রাজধানীর তুরাগে কিশোরকে গলা কেটে হত্যা, ৪ জন গ্রেপ্তার

রাজধানীর তুরাগে কিশোরকে গলা কেটে হত্যা, ৪ জন গ্রেপ্তার

প্রতিকী ছবি

রাজধানীর তুরাগ এলাকায় মো. শান্ত নামের এক কিশোর রিকশাচালককে গলা কেটে হত্যা করার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন হত্যায় অংশ নেন। তাঁরা হলেন সামিদুল হক মনা (৪২) ও রবিউল ইসলাম রানা (২০)।

ছিনতাইকৃত অটোরিকশা বিক্রিতে সহযোগিতা করা হজরত আলী (৪৫) ও ক্রেতা নয়ন মিয়াকেও (৩০) গ্রেপ্তার করা হয়। 

গতকাল বুধবার ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরাগ থানায় এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টরের ৭ নম্বর ব্রিজের পূর্ব পাশে এইচ ব্লকের ৩/এ রোডের একটি ফাঁকা জমিতে ছনের ভেতর থেকে গলা কাটা অবস্থায় শান্তর মৃতদেহ উদ্ধার করা হয়।