চট্টগ্রাম বন্দরের টার্মিনাল চুক্তি হয়েছে অস্বচ্ছ প্রক্রিয়ায়
সংগ্রহীত ছবি
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও নাগরিক প্ল্যাটফরমের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন দুটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি কোম্পানিকে দেওয়ার চুক্তি অস্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে। তিনি বলেন, যে দ্রুততা ও অস্বচ্ছতার ভিত্তিতে এই বন্দর ব্যবস্থাপনার চুক্তি করা হয়েছে তাতে হয়ত বাংলাদেশ একটি ভালো কাজের সুফল থেকে বঞ্চিত হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে খুলনায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশ আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। নগরীর হোটেল সিটি ইন-এ এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সিপিডি আহ্বায়ক এ সময় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা পুনরুদ্ধারে সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরো বলিষ্ঠ ও স্বচ্ছ ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, নাগরিকদের মনে এখনো যে শঙ্কা ও ভীতি রয়েছে, তা দূর করা না গেলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ আস্থা না পেলে নির্বাচন গণতান্ত্রিক রূপ পায় না। তাই মুক্ত আলোচনা, স্বচ্ছতা ও সততার ভিত্তিতে আস্থা পুনরুদ্ধার আজ সময়ের দাবি।
দেশ নির্বাচনমুখী হয়ে উঠছে, নির্বাচন অবশ্যম্ভাবী। কিন্তু আমরা কেমন নির্বাচন পাব- সেই প্রশ্ন জনগণের মনে রয়ে গেছে।
ড. দেবপ্রিয় বলেন, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা বহুদিন ধরে আলোচিত হলেও বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়। পদ্মা সেতু চালুর পরে প্রত্যাশিত অর্থনৈতিক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।
জমির মূল্য বৃদ্ধি পেলেও কর্মসংস্থান বা শ্রমিকের ন্যায্য মজুরি বাড়েনি। সভায় এ বিষয়গুলো নিয়ে কথা বলেন নাগরিকরা।
সভায় আগামী নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের কাছে নাগরিক নেতারা স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন দাবি তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে নিরাপদ সড়ক, শিল্পের উন্নয়ন, পলিথিন ও প্লাস্টিক বর্জনসহ সুন্দরবনের পর্যটন শিল্পের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা প্রভৃতি।
সভায় সমাপনী বক্তৃতা করেন সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
এ সময় রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাড. শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, এনসিপির ডা.আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ।