শীতের পোশাক নিয়ে যেসব প্রস্তুতি নেবেন
ছবিঃ সংগৃহীত
শীত আসছে এবং শহরের বাইরে যারা থাকেন, তারা ইতিমধ্যেই পুরোনো শীতের পোশাকগুলো বের করেছেন।
দীর্ঘ সময় বাক্সে কিংবা আলমারিতে রাখা সোয়েটার, জ্যাকেট, উলের মোজা, টুপি, চাদর, কার্ডিগান ইত্যাদি পরার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এসব পোশাক গায়ে তোলার আগে সঠিকভাবে পরিষ্কার এবং রোদে শুকানো খুবই গুরুত্বপূর্ণ।
এখানে শীতের পোশাক ব্যবহারের আগে যে বিষয়গুলো মনে রাখা উচিত, তা বিস্তারিত দেওয়া হলো:
সোয়েটার এবং অন্যান্য উলের পোশাক
দীর্ঘদিন বাক্সে রাখা সোয়েটারগুলো সাধারণত ধুলা ও গন্ধে ভরা থাকে। তাই এগুলো পরার আগে ঠাণ্ডা পানিতে শ্যাম্পু ও ভিনেগার মিশিয়ে আলতোভাবে হাত দিয়ে ধুয়ে নেওয়া ভালো। কখনোই ওয়াশিং মেশিনে ধোবেন না, কারণ এতে পোশাকের বুনন নষ্ট হতে পারে। ধোয়ার পর হালকা পানি ঝরিয়ে রোদে শুকিয়ে নিন।
ফ্লানেল শার্ট বা ব্লাউজ
হালকা শীতে ফ্লানেলের শার্ট বা ব্লাউজ খুবই আরামদায়ক। দীর্ঘদিন পর পরলে এসব কাপড়ে ময়লা জমে যায়। তাই শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়া উত্তম। বেশি ময়লা হলে হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, এরপর হালকা হাতে ধুয়ে রোদে শুকাতে দিন। এতে কাপড়ের রংও সুরক্ষিত থাকে।
চাদর
চাদর বের করার আগে ভালোভাবে কড়া রোদে শুকিয়ে নিন। যদি ধোয়ার প্রয়োজন হয়, তবে ড্রাই ক্লিন করানো উত্তম, এতে চাদর দীর্ঘদিন ভালো থাকে এবং রঙও ধরে।
চামড়ার পোশাক
চামড়ার জ্যাকেট পরিষ্কার করার জন্য কুসুম গরম পানিতে কিছু ভিনেগার মিশিয়ে তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে নিন। এরপর হ্যাঙ্গারে ঝুলিয়ে বাতাসে শুকিয়ে নিন। এতে চামড়ার জ্যাকেটের সুরক্ষা নিশ্চিত হয় এবং এর চকচকে ভাব বজায় থাকে।
উলের মোজা, মাফলার এবং টুপি
শীতে প্রতিদিন ব্যবহৃত এই পোশাকগুলো দ্রুত ময়লা হয়ে যায়। তাই তিন-চার দিন পরপর উষ্ণ পানিতে শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এতে এগুলোর সুরক্ষা বজায় থাকবে এবং দীর্ঘদিন ভালো থাকবে।