বিয়ের পর মেয়েরা কি বাবার বাড়িতে থাকতে পারবে?

বিয়ের পর মেয়েরা কি বাবার বাড়িতে থাকতে পারবে?

প্রতিকী ছবি

আমার নাম সুফিয়া রহমান। আমার বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। আমি মা-বাবার একমাত্র সন্তান। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ এবং আমার মা-বাবাও বয়োবৃদ্ধ।

তাই বিয়ের পর স্বামীসহ আমি বাবার বাড়িতে বসবাস করছি। খাওয়াদাওয়াও মা-বাবার সঙ্গে হচ্ছে। অথচ আমার স্বামী উপার্জন করেন। বিদ্যুৎ ও গ্যাসের বিল আমার বাবাই পরিশোধ করেন।

আমার প্রশ্ন হলো, বিয়ের পর স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকা এবং তাদের আয়ে খাওয়াদাওয়া করা কি জায়েজ? এ ছাড়া পরিবারের অনেক জিনিস আমরা যৌথভাবে ব্যবহার করে থাকি।

প্রাজ্ঞ আলেমরা বলেন, বিয়ের পর কন্যাকে স্বামীর হাতে তুলে দেওয়া হলে স্ত্রীর ভরণ-পোষণ ও বাসস্থানের ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। তবে শর্ত হলো, স্ত্রী স্বামীর ঘরে থাকবে অথবা স্বামীর অনুমতিক্রমে স্ত্রীর পরিবারের সঙ্গে থাকবে। কিন্তু যদি স্ত্রীর ভরণ-পোষণ কোনো সমস্যার কারণে অথবা সন্তুষ্টির সঙ্গে স্বামী বা স্ত্রীর মা-বাবা বা অন্য কেউ আদায় করে, তা নাজায়েজ নয়।

সুতরাং আপনার অসুস্থতার কারণে বা আপনার মা-বাবার প্রয়োজনে যদি আপনি স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকেন এবং এই ব্যাপারে আপনার মা-বাবার কোনো আপত্তি না থাকে তাহলে তা জায়েজ। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। এ ক্ষেত্রে উত্তম হলো পারিবারিক খরচ মিলেমিশে নির্বাহ করা। এর পরও আপনার বাবার এই অধিকার আছে যে তিনি আপনার স্বামীর কাছে আপনাদের থাকার ঘরের ভাড়া, আপনাদের ব্যবহার করা গ্যাস-বিদ্যুতের বিলসহ অন্যান্য খরচের অংশ দাবি করতে পারবেন।

‘আল মুহিতুল বুরহানি’ গ্রন্থে লেখা হয়েছে, ‘নিশ্চয়ই স্ত্রীর ভরণ-পোষণ আবশ্যক হয় সে স্বামীর ঘরে আটকে থাকার কারণে।

যদি সে স্বামীর কারণে স্বামীর ঘরে আটকে না থাকে তবু ধরে নেওয়া হবে যে সে স্বামীর ঘরে আটকে আছে। কিন্তু যখন স্ত্রী নিজের কারণে স্বামীর ঘরে আটকে না থাকে (অর্থাৎ অন্যত্র বসবাস করে) তখন সে আটকে আছে বলে গণ্য করা হবে না। সুতরাং তখন তার ভরণ-পোষণ দেওয়াও আবশ্যক হবে না।’ (নফকা অধ্যায় : ৪/১৭০)
আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।