বাকৃবিতে তৃতীয় বারের মতো ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যাল

বাকৃবিতে তৃতীয় বারের মতো ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যাল

সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয় বারের মতো শুরু হয়েছে ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যাল। শুক্রবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে কার্নিভালের দ্বিতীয় পর্ব ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে বাকৃবি ক্যারিয়ার ক্লাব (বাউসিসি)।

বিগত বছরগুলোর ধারাবাহিক সাফল্যের পর এবারো কার্নিভ্যালটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

কার্নিভ্যালের প্রথম দিন ছিল নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সেশন, আলোচনা ও কর্মশালা। এদিন বিশেষজ্ঞদের পরিচালনায় অনুষ্ঠিত হয় চাকরি কেন্দ্রিক বিভিন্ন কর্মশালা।

মূল সেশনগুলোর মধ্যে ছিল- সিভি ও ইন্টারভিউ কৌশল, সৃজনশীল কর্মক্ষেত্র পরিচিতি, উদ্যোক্তা, স্টার্টআপ দিকনির্দেশনা, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, সরকারি চাকরির প্রস্তুতি এবং শিল্প ক্ষেত্রে নেতাদের বাস্তব অভিজ্ঞতা শোনার আয়োজন।

বাকৃবি ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) সভাপতি অধ্যাপক ড. মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জিএম মুজিবুর রহমান, অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (চলতি দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. নাহিদ সাত্তার।