দুনিয়ার মোহ সকল পাপের উৎস: চরমোনাই পীর
সংগৃহীত ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনই পীর হজরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দুনিয়ার মোহ-ই সকল পাপের উৎস। ব্যক্তি জীবনে আর্থিক অনিয়ম থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের যত দুর্নীতি, ফ্যাসিবাদ যা কিছু ঘটে তার কারণও এই দুনিয়ার মোহ। অথচ দুনিয়া খুবই তুচ্ছ একটা জিনিস। হায়াত শেষ হলে পৃথিবীর কোনো সম্পদ কারো কাজে লাগে না। তাই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে।
শনিবার সকালে বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে বার্ষিক অগ্রহায়নের মাহফিলের আখেরি মোনাজাতের পূর্বের বয়ানে এ কথা বলেন তিনি।
সমাপনী অধিবেশনের বয়ানে চরমোনাই পীর বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ঐ মানুষ এমনকি আলেম, মুফতী ও পীরের কোনো মূল্য নেই।
তিনি আরো বলেন, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব ও তাকাব্বুরি পরিত্যাগ করতে হবে। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে কলপ পরিশুদ্ধ করতে হবে। গিবতের মতো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহওয়ালাদের কিতাব পড়তে হবে। সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালিমে নিয়মিত অংশ নিতে হবে। সহি শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে হবে।
সমাপনী বয়ানের পর আখেরি মোনাজাতে চরমোনাই পীর জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করেন। চাঁদাবাজ, সন্ত্রাসী ও মামলাবাজদের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর পানাহ চেয়েছেন। ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।