কেরানীগঞ্জে গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, অটোরিকশা উদ্ধার
প্রতিকি ছবি
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে গাড়ি চুরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি ও তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেনমো. আলমগীর হোসেন (৩০), আসাদুজ্জামান আজমীর (৩৯) ও মো. বিল্লাল মিয়া (৩০)।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনর্চাজ সফিকুল ইসলাম সুমন।
তিনি বলেন, শুক্রবার ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চুরি চক্রের এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। একই সময় তাদের কাছ থেকে একটি সিএনজি ও তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা একটি সক্রিয় গাড়ি চুরি চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকা থেকে সিএনজি ও অটোরিকশা চুরি করে আসছিলেন।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।