সরকারি মাধ্যমিক শিক্ষকদের 'পূর্ণ কর্মবিরতি' : পরীক্ষা বর্জন
ছবি: প্রতিনিধি
এন্ট্রি পদ ৯ম গ্রেডসহ চার দফা দাবিতে শিক্ষা ভবনে দুই দিন অবস্থান কর্মসূচি পালন ও আলটিমেটাম শেষ হওয়ার পরেও দাবি আদায় না হওয়ায় আগামীকাল, সোমবার (১ ডিসেম্বর ২০২৫) থেকে 'পূর্ণ দিবস কর্মবিরতি' পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। এই কর্মবিরতিতে চলমান বার্ষিক ও এসএসসি নির্বাচনি পরীক্ষা বর্জন এবং খাতা মূল্যায়ন থেকে বিরত থাকার ঘোষণায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। '
সমিতির একজন শিক্ষক নেতা বলেছেন, সরকার যদি তাঁদের দাবি পূরণ করে তাহলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। কিন্তু দাবি পূরণ না হলে আগামী বুধবার নতুন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা।
রবিবার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ের লক্ষ্যে এর আগে গত বৃহস্পতিবারও তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাসের পরও কোনো সুরাহা না পাওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন বলে শিক্ষক নেতারা জানান।
শিক্ষকদের প্রধান ৪টি দাবি হলো-
১. "সহকারী শিক্ষক" পদটিকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে "মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর" এর গেজেট দ্রুত সময়ে প্রকাশ ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ ৩ কর্মদিবসের মধ্যে প্রদান।
৪. ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ২ হতে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।