মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কারখানা শ্রমিক অনিকের মৃত্যু
প্রতিকী ছবি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে ট্রাকের চাপায় অনিক (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে কুমুদিনী হাসপাতালে তার মৃত্যু হয়। অনিকের বাড়ি মুক্তাগাছা উপজেলায়।
জানা গেছে, অনিক মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামে নানার বাড়িতে থেকে গোড়াই শিল্পাঞ্চল এলাকার একটি টাইলস কারখানায় কাজ করতেন।
রবিবার রাত ৯টার দিকে কারখানা থেকে ফেরার পথে দেওহাটা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমুদিনী হাসপাতালের নিরাপত্তাকর্মী মো. জাহাঙ্গীর হোসেন খান অনিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।