ইয়াবা-আইস পাচারের মামলায় কক্সবাজারে দুই জনের মৃত্যুদণ্ড

ইয়াবা-আইস পাচারের মামলায় কক্সবাজারে দুই জনের মৃত্যুদণ্ড

প্রতিকী ছবি

কক্সবাজারের ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা পাচারের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আবদুর রহিমের আদালত এই রায় দেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর ( পিপি ) অ্যাড. মো. সিরাজুল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার বাসিন্দা আব্দুর রহমান (৩৩) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ (২৮)।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, গত ২০১৬ সালের ১৬ জুন রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের এমজি ব্যাংকার এলাকা দিয়ে মায়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়।

এক পর্যায়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের দিক থেকে ছোট দুইটি বস্তা কাঁধে নিয়ে সন্দেহজনক ৫ জন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো রাতের অন্ধকারে গ্রামের ভেতরে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা দুইটি উদ্ধার করা হয়।

বস্তা দুইটি খুলে পাওয়া যায় ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ পিস ইয়াবা। এসব মাদকের আনুমানিক মূল্য ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। 

এ ঘটনায় ওইদিন বিকেলে বিজিবির এক সদস্য বাদী হয়ে ৬ জনকে এজাহারভুক্ত আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

সিরাজুল ইসলাম বলেন, মামলায় ২০২৪ সালের ডিসেম্বরে আদালত গ্রেপ্তার হওয়া আসামি আব্দুর রহমান ও মোহাম্মদ নুরের বিরুদ্ধে চার্জ গঠন করে।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিচারক দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।