প্রতিহিংসার হাত থেকে দেশকে রক্ষা করেছেন খালেদা জিয়া’

প্রতিহিংসার হাত থেকে দেশকে রক্ষা করেছেন খালেদা জিয়া’

সংগৃহীত ছবি

নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগ যখন বলেছিল ১০ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা হবে, তখন বেগম খালেদা জিয়ার একটি আহ্বানই পুরো দেশকে শান্ত করে দিয়েছিল। প্রতিহিংসার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বেলাবো উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ বেগম খালেদা জিয়া ১৮ কোটি মানুষের অভিভাবক। আল্লাহ যেন তারেক রহমানকে অতিসত্ত্বর মায়ের বুকে ফিরিয়ে আনে। একই সাথে আল্লাহর অলৌকিক রহমতে দেশনেত্রী খালেদা জিয়াকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে আবারো দেশের নেতৃত্ব দিতে সক্ষম হোন— এটাই আমাদের প্রার্থনা।

বকুল আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা কেলেঙ্কারির প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। ঠিক যেমন জিয়াউর রহমানের চরিত্র নিয়ে শত্রুরাও কথা বলতে পারেনি— তেমনি রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো কলঙ্কের ইতিহাস নেই। এজন্য আমরা গর্বিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সদস্যসচিব এম এ জলিল কাদিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।